
‘বাংলাদেশ অনন্ত সম্ভাবনার দেশ আর তোমাদের চোখভরা স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি, তোমরা অনেক বড় হয়েছ। আমরা বলব, এই ছেলেটি আমাদের; বিশ্ব বলবে, ছেলেটি বাংলাদেশের। তবে সেই কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে হলে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, দেশকে ভালোবাসতে হবে।’
গতকাল রোববার ভোলায় ২০১৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আকতার এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজের অধ্যক্ষ ফখরুল আলম, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বারী হাওলাদার, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাজাহান, টেলিটকের আঞ্চলিক কর্মকর্তা মো. ইসমাঈল হোসাইন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, ভোলা বন্ধুসভার সহসভাপতি আসিফ মাহমুদ, কৃতী শিক্ষার্থী শাহজাদী নওরীন, তানভীর প্রমুখ।
অধ্যক্ষ ফখরুল আলম বলেন, ভোলা একটি নদীভাঙনকবলিত জেলা, যুদ্ধ করে বেঁচে থাকে এই এলাকার মানুষ; মহান মুক্তিযুদ্ধে ভোলার মানুষের অনেক অবদান ছিল। কখনোই এ জন্মভূমিকে ভুলে যেয়ো না। মো. ইসমাঈল হোসাইন বলেন, সুশিক্ষিত নাগরিক হবে; বাবা-মা, পরিবার ও দেশকে কখনো দুঃখ দেবে না। শিশির মোড়ল বলেন, জীবনটা অনেক বড়, থেমে থাকলে চলবে না। শাহজাদী নওরীন বলে, ‘ভালোকে ধরে রাখতে হবে, আমরা মন্দকে বদলে দেব।’ তানভীর বলে, ‘ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে সবার মুখে হাসি ফোটাতে চাই।’
কৃতী শিক্ষার্থীরা মাদক ও প্রাইভেটকে ‘না’ বলার শপথ নেয়। জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান—সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সঞ্চালক ছিলেন ভোলা বন্ধুসভার সভাপতি হেমায়েত উদ্দিন। আলোচনার ফাঁকে ফাঁকে গান আর নাচ করেন বন্ধুসভার সদস্যরা।
আগামী ১৮ সেপ্টেম্বর বুধবার
হবিগঞ্জ
স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন
সময়: সকাল ১০টা