বিশ্ব ভালোবাসা দিবসে নারায়ণগঞ্জ কবিতাময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদনার রং নীল। অপেক্ষার রং ধূসর। ভালোবাসার রং কী? কেউ বলেন গোলাপি। কারণ, ভালোবাসার মানুষকে আমরা গোলাপ দিয়ে ভালোবাসার কথা জানাই। কেউ বলেন, ভালোবাসা বর্ণিল।
এমনি করে ভালোবাসার বর্ণচ্ছটা ছড়িয়েছিল ‘নারায়ণগঞ্জ কবিতা উৎসব’। বিশ্ব ভালোবাসা দিবসে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিদের পদচারণে মুখর হয়ে ওঠে শতাব্দী প্রাচীন নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়েই শতবর্ষ আগে এসেছিলেন নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে ১৯৮৫ সালে সর্বশেষ কবিতা উৎসব হয়। ২৯ বছর পর গতকাল দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জে কবিতা উৎসব হলো।
উৎসবে আসা তরুণ কবিতাপ্রেমী নন্দিতা সরকার বলেন, ভালোবাসা আর কবিতা হাত ধরাধারি করে চলে। নারায়ণগঞ্জে কবিতা উৎসবের এমন আয়োজন সত্যি ভালোবাসা দিবসকে ভিন্নমাত্রা দিয়েছে।
উৎসবে আসা আরেক তরুণী সালেহা আক্তার বলেন, ‘নারায়ণগঞ্জে হত্যা, সন্ত্রাসের মতো অনেক অন্ধকারের খবরের মধ্যে একদিকে কবিতা উৎসব, অন্যদিকে লোকজ উৎসবের খবর অন্ধকারের মধ্যে আলোর মতো।’
‘অনাবিল সুন্দর প্রিয়ময় সভ্যতা কবিতা’ শিরোনামে আয়োজিত দিনব্যাপী উৎসবে শতাধিক কবির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকালে কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। এরপর ভাষার মাসে বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া হয় একুশের গান।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শামসুল হক বলেন, বিভিন্ন জাতীয় দিবসে নারায়ণগঞ্জে এ ধরনের আয়োজন করা যেতে পারে। বিশেষ করে ১৯২৬ সালের ২৭ ফেব্রুয়ারি দিনটিতে কবিতা উৎসবের দিন ঘোষণা করে নারায়ণগঞ্জে নিয়মিত এ উৎসবের আয়োজন করতে তিনি আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে কবি হালিম আজাদ বলেন, নারায়ণগঞ্জ কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে গত বছর খুন হওয়া মেধাবী শিক্ষার্থী কিশোর কবি তানভীর মুহাম্মদ ত্বকীর উদ্দেশে।