বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে নীলফামারীর ডোমার ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বেসরকারি সংস্থা ল্যাম্বের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিরম্ব কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহামুদুল হাসান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওবায়দা নাজনীন, স্বাস্থ্য পরিদর্শক মো. দুলাল হোসেন, ল্যাম্ব ব্যবস্থাপক আলতাব হোসেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ। ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হবে বলে জানান আয়োজকেরা।

এদিকে পার্বতীপুরে দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা হয়। স্বাস্থ্য মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহামুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাহিদা খাতুন, স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক হেমন্ত কুমার রায় প্রমুখ। বক্তারা বলেন, মায়ের দুধ হচ্ছে সন্তানের মেধা মননের টেকসই উন্নয়ন, এর কোনো বিকল্প নেই। দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা।