বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। কিন্তু ছয় মাসের কম বয়সী শিশুদের কত শতাংশ শুধু মায়ের দুধ পান করে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পৃথক দুটো জরিপে এ ব্যাপারে দুই ধরনের তথ্য দেওয়া হয়েছে।

সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেসরকারি প্রতিষ্ঠান হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও ব্র্যাকের ‘বাংলাদেশে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি ২০১২’ প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস বয়সী শিশুদের ৪৫ শতাংশ শুধু মায়ের দুধ পান করে। ২০১১ সালে এই হার ছিল ৫১ শতাংশ। অর্থাত্ ছয় মাসের কম বয়সী শিশুদের শুধু মায়ের দুধ পান করার হার কমছে।

তবে আজ মঙ্গলবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম লিখিত বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ছয় মাসের কম বয়সী শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ানোর হার ৬৪ শতাংশ।’

৪৫ আর ৬৪ শতাংশের পার্থক্য অনেক। সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান কোন পরিসংখ্যান ঠিক।

স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায়। তিনি বলেন, ২০১১ সালের বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে ৬৪ শতাংশের উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে নতুন পরিসংখ্যান ব্যবহারের জন্য ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের পরিচালক (শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য কেন্দ্র) শামস-এল-আরেফিন প্রথম আলোকে বলেন, ‘দুটি জরিপে নানা কারণে (সময়, নমুনার আকার, পদ্ধতি, প্রশ্নপত্র) পরিসংখ্যানের সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু এখানে পার্থক্য অনেক বেশি। এই পার্থক্যের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।’

আজ সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) মাধ্যমে মায়ের দুধের প্রচার, প্রসার ও প্রশিক্ষণের কাজ চলছে। তিনি বলেন, এ ব্যাপারে গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে।

১ আগস্ট থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য: ‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন পাবার’। সপ্তাহ পালন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় জেলা ও উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে র্যালি, আলোচনা সভাসহ নানা সচেতনতামূলক কাজ করছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এসব কাজে সহায়তা করছে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনসহ বেশ কিছু এনজিও। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।