বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
কাগজে-কলমে গতকাল শুক্রবার থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হলেও কোনো সরকারি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম হয়নি। সরকারি কর্মকর্তারা বলেছেন, সপ্তাহ পালনের সব ধরনের প্রস্তুতি আছে। ঈদের ছুটির কারণে কাজ পিছিয়ে গেছে।
প্রতিবছর আগস্ট মাসের প্রথম সাত দিন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল বিকেলে সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, সব জেলার সিভিল সার্জনদের কাছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করার জন্য চিঠি পাঠানো হয়েছে। তাঁদের কাছে পোস্টার, বুকলেটও পাঠানো হয়েছে।
শাহ নেওয়াজ জানান, ৬ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন করবেন। তার আগে ৫ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী সপ্তাহ পালনের গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন।
সরকারি সূত্রগুলো বলছে, প্রতিটি জেলায় এবং প্রায় সব উপজেলায় শিশুকে জন্মের এক ঘণ্টার মধ্যে এবং শিশুর ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানোর ওপর সচেতনতা বাড়ানোর জন্য শোভাযাত্রা, সভা-সমাবেশ ও সেমিনারের আয়োজন করা হবে। মায়ের দুধের বিকল্প প্রস্তুত, বাজারজাতকরণ ও বিপণন আইন বিষয়েও জনসাধারণকে সচেতন করা হবে। সরকারকে এ কাজে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনসহ বেশ কিছু এনজিও সহায়তা করবে।