বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠান বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান সাংবাদিকেরা বর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ চিকিৎসা মনোবিজ্ঞান সোসাইটি ও নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এ ঘটনা ঘটে।
সংবাদকর্মীর জানান, আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, তাতে বলা হয়, অনুষ্ঠানের নিবন্ধন সবার জন্য উন্মুক্ত। কিন্তু দুপুর ১২টা ২০ মিনিটে একজন সংবাদকর্মী সেখানে গেলে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিভাগের শিক্ষার্থীরা তাঁর পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর তাঁকে বলা হয়, অনুষ্ঠানটি সবার জন্য নয়। তাঁরা ‘ভিজিটিং কার্ড’ জমা দিতে বলেন। ওই সাংবাদিক তাঁর পরিচয়পত্র আছে, কিন্তু ভিজিটিং কার্ড নেই বলে জানালে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
ওই সংবাদকর্মী প্রথম আলোকে বলেন, তিনি চলে আসার সময় পেছন থেকে একজন আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি তিনি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম আবুল কালাম আজাদ ও বিশ্ববিদ্যালয়ের অন্য সাংবাদিকদের জানান।
বিকেলে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের কাছে এর সমাধান চান। কিন্তু তিনি এ বিষয়ে কিছু করতে অপারগতা প্রকাশ করায় সাংবাদিকেরা অনুষ্ঠান বর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান বর্জনের কথা বলা হয়।