বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের জিম্মি ঘটনা
আট থেকে নয়জন অস্ত্রধারী গতকাল শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। সারা রাত ওই এলাকা ঘিরে থাকার পর আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে কমান্ডোরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ঘটনা শুরুর পর থেকেই স্থানীয় সংবাদমাধ্যমের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে খবরটি প্রচারিত হয়েছে। ক্ষণে ক্ষণে প্রকাশ করা হচ্ছে হালনাগাদ তথ্য।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটের প্রধান খবরে ঢাকার রেস্তোরাঁয় জিম্মির ঘটনাটি প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামে স্থান পেয়েছে ঢাকায় জিম্মির ঘটনায় ২০ জন বিদেশিকে হত্যার বিষয়টি। বিবিসি টেলিভিশনের খবরেও ঘুরে ঘুরে এসেছে বাংলাদেশের প্রসঙ্গটি।
ঘটনার পরপরই খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করে মার্কিন চ্যানেল সিএনএন। খবরের বড় অংশ জুড়ে ছিল এই প্রসঙ্গটি। প্রতি মুহূর্তে তথ্য হালনাগাদ করে এবং নানা বিশ্লেষণে দর্শকদের সামনে হাজির করা হয় বাংলাদেশের জিম্মি ঘটনাটিকে। সিএনএন তাদের ওয়েবসাইটের শিরোনামে রেখেছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার খবরটি। এ ছাড়া বাংলাদেশ আইএসের পরবর্তী লক্ষ্যবস্তু হয়ে উঠছে কি না, সেই প্রশ্নও রাখা হয়েছে।
ভারতের এনডিটিভির ওয়েবসাইটের প্রচ্ছদে জিম্মি ঘটনার তিনটি সংবাদ পর পর প্রকাশিত হয়েছে। তাতে হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের ও অভিযানে সন্ত্রাসীদের নিহত হওয়ার খবর গুরুত্ব পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স খবরে বলেছে, যৌথ বাহিনীর অভিযানের আগেই ২০ জন বিদেশিকে হত্যা করা হয়। এ ছাড়া ১৩ জন ব্যক্তিকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে একজন প্রত্যক্ষদর্শীর ভিডিও পোস্ট করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের দেওয়া সংবাদের শিরোনামে বলা হয়েছে, ঢাকার ক্যাফেতে হামলা শেষ হয়েছে ২০ জন বিদেশির মৃত্যুর মধ্য দিয়ে। খবরে আরও বলা হয়েছে, রেস্তোরাঁয় চালানো অভিযানে প্রায় ১০০ জন কমান্ডো অংশ নেন।
দ্য ওয়াশিংটন পোস্ট তাদের ওয়েবসাইটে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে নেওয়া খবর দিয়েছে। তার শিরোনাম ছিল, ‘২০ জন নিহত, বাংলাদেশে রেস্তোরাঁয় হামলায় ১৩ জনকে উদ্ধার।’ ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরীর বরাত দিয়ে এতে বলা হয়, অভিযানে ছয়জন হামলাকারী নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।