বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার ফেনী ও নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে নোয়াখালী প্রেসক্লাব এসব কর্মসূচির আয়োজন করে।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে ও জামাল হোসেনের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যু ৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন।
এদিকে সকালে ফেনী শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকেরা শোভাযাত্রা বের করেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে বখতেয়ার ইসলামের সভাপতিত্বে ও শওকত মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারী সাংসদ জাহানারা বেগম, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, সাংবাদিক নুরুল করিম মজুমদার, মীর হোসেন, আবু তাহের, আবদুর রহিম, রবিউল হক, রফিকুল ইসলাম।