বিশ্ব ম্যালেরিয়া দিবসে সভা ও শোভাযাত্রা
‘সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়া শেষ করুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল সোমবার চট্টগ্রামে পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভায় ম্যালেরিয়া সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি।
বক্তারা বলেন, একসময় দেশে ম্যালেরিয়ায় অসংখ্য মানুষ মারা গেলেও এখন আর সে পরিস্থিতি নেই। সরকারের নানা উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ার কারণে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। মশা নির্মূলের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার। অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদ হোসেন, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক আবুল খায়ের মো. শামসুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফয়েজ আহমেদ, বিআইটিআইডির পরিচালক নারায়ণ চন্দ্র দাশ, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক মো. শরীফ।