বিশ্ব রেকর্ড গড়তে এক সারিতে ১১৮৬ সাইক্লিস্ট

পৌষের দুপুর! কিন্তু রোদের তেজ অনেক। গা জ্বালা করছে। পিচঢালা রাস্তার ওপর সাইকেল নিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েক শ তরুণ-তরুণী। গরমে উসখুস করছেন অনেকে। হঠাৎ ‘ঠাস’ করে জোরালো আওয়াজ। গরম আর রাস্তার উত্তাপে একজনের সাইকেলের টায়ার-টিউব ফেটে গেছে। তড়িঘড়ি করে সবাই যাঁর যাঁর সাইকেলের টায়ারে পানি ঢালতে লাগলেন।
বিরক্ত লাগছে—জানতে চাইলাম এক তরুণের কাছে। একগাল হেসে বললেন, ‘হ্যাঁ, লাগছে। কিন্তু সবাই তো কষ্ট করছে। বড় কিছু করতে হলে একটু ত্যাগ স্বীকার তো করতেই হবে। তারপরও যদি গিনেস রেকর্ডটা হয় আমি খুশি।’ তরুণের নাম শরীফ আখতার, চাকরিজীবী। আর সব সাইকেলচালকের মতো গতকাল শুক্রবার তিনিও এসেছিলেন রাজধানীর ৩০০ ফুট রাস্তায়।
চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারির বিশ্ব রেকর্ড গড়তে বসুন্ধরা আবাসিক এলাকার পাশের ওই রাস্তায় সমবেত হয়েছিলেন কয়েক শ সাইক্লিস্ট। আয়োজনটা করেছে দেশে সাইক্লিংয়ের অন্যতম সংগঠন বিডিসাইক্লিস্টস। বিজয়ের দিনে দেশের নামটাকে আরও উজ্জ্বল করতে তাঁদের এই প্রচেষ্টায় যুক্ত হয়েছিলেন ১ হাজার ২০০ সাইকেলচালক। স্কুলপড়ুয়া থেকে শুরু করে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও। ১৪ জন বাদ পড়ায় প্রাথমিকভাবে ১ হাজার ১৮৬ জন মিলে রেকর্ডটি হয়েছে বলে পর্যবেক্ষকেরা জানিয়েছেন। তবে গিনেস কর্তৃপক্ষের চূড়ান্ত ফল জানতে আরও দিন কয়েক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিডিসাইক্লিস্টস।
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের সামনে লাইন ধরে দাঁড়িয়েছেন সাইক্লিস্টরা। ঘড়ির কাঁটা তখন ১১টার ঘরে। দীর্ঘ অপেক্ষার পর পৌনে একটার দিকে রাইড শুরু হলো। গরমে অস্বস্তিতে থাকা সাইক্লিস্টরা মুহূর্তেই চাঙা হয়ে উঠলেন যেন। সামনে থেকে একজন রাইডার বলছেন, ‘স্লো’। সঙ্গে সঙ্গে পেছনের জনও বলছেন, ‘স্লো’। এভাবে সামনে থেকে আওয়াজটা চলে যাচ্ছে পেছনের সাইক্লিস্ট অবধি। পথে পথে বসানো হয়েছে ক্যামেরা।
জানতে চাইলে বিডিসাইক্লিস্টসের মডারেটর ও এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ফুয়াদ আহসান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, গিনেসের কোনো প্রতিনিধি রাখা সম্ভব হয়নি। তার বদলে ছয়টি ক্যামেরার আনকাট ভিডিও, আকাশ থেকে তোলা ছবি, বিডিসাইক্লিস্টসের বাইরে ২৪ জন পর্যবেক্ষক দ্বারা গোটা রাইড পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষকেরা প্রাথমিকভাবে রেকর্ডটি হয়েছে বলে মত দিয়েছেন। চূড়ান্ত প্রতিবেদন জানাতে গিনেস কর্তৃপক্ষ ছয়-সাত দিন সময় নেবে।
ইতিপূর্বে রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটি গড়েছিল। ২০১৫-তে এসে বসনিয়া-হার্জেগোভিনা ৯৮৪ জন সাইক্লিস্ট নিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’র রেকর্ডটি নিজেদের করে নেয়। রেকর্ডটি ভাঙতে হলে বিডিসাইক্লিস্টস ও এর সদস্যদের বেশ কিছু নিয়মকানুন মেনে সাইকেল চালাতে হবে। যেমন এক সাইকেলের পেছনে আরেক সাইকেলের দূরত্ব থাকবে পাঁচ-ছয় ফুট। সাইক্লিস্টরা মাটিতে বেশিক্ষণ পা নামিয়ে রাখতে পারবেন না।
দেখতে দেখতে চলন্ত সাইকেলের একক সারিটা প্রায় চার কিলোমিটার দীর্ঘ হয়ে গেল। সাড়ে চার কিলোমিটার রাস্তা পেরোনোর পর বাঁক নিলেন সবাই। পাশের রাস্তা ধরে ফিরে এলেন আগের জায়গায়। তখন বেলা দেড়টা। আবার লাইন ধরে দাঁড়িয়েছেন সবাই। আরেকবার চেষ্টা করতে হবে সবাইকে। অনেকেই তখন ক্লান্ত। হঠাৎ মাইকে ঘোষণা এল, ‘দ্বিতীয় এটেম্পট (চেষ্টা) নিতে হবে না আমাদের। প্রথম এটেম্পেটই দারুণ দেখিয়েছি আমরা।’ সঙ্গে সঙ্গে হর্ষধ্বনি করে উঠলেন কয়েক শ সাইক্লিস্ট।
সাইক্লিস্টদের বিজয় দিবস উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। গতকাল সকাল সাড়ে আটটায় কয়েক শ সাইক্লিস্ট নিয়ে বিজয় রাইড শুরু হয়। মানিক মিয়া থেকে ফার্মগেট হয়ে বিজয় সরণি, তারপর মহাখালী হয়ে গুলশান, বাড্ডা পেছনে ফেলে ৩০০ ফুটে সমবেত হন সবাই।