‘বৌদ্ধ ধর্মের মূলনীতি হচ্ছে অহিংসা এবং সকলের তরে মঙ্গল কামনা করা। আমরা পাহাড়-পর্বত থেকে ছুটে এসেছি যুদ্ধ বিগ্রহমুক্ত পৃথিবী ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করতে।’ গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার স্টেডিয়ামে এ কথা বললেন পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম গ্রাম তুমব্রু থেকে আসা তরুণী প্রভা তংচইগ্যা (২০)।প্রভার মতো তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এবং চট্টগ্রাম, ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অন্তত ১০ হাজার তরুণ-তরুণী হাত তুলে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার শপথ নেন।‘চলুন বিশ্বশান্তির কল্যাণে ঐক্যবদ্ধ হই’ এই স্লোগানকে ধারণ করে দিনব্যাপী এই যুব মহাসম্মেলনের আয়োজন করে জাপানের আন্তর্জাতিক মানবতাবাদী বৌদ্ধ সংগঠন ‘রিসসো কোসেই-কাই’।গতকাল শুক্রবার বিকেল চারটায় সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শুভেচ্ছা বক্তৃতা করেন কক্সবাজার-৩ আসনের সাংসদ আবদুর রহমান বদি, সংরক্ষিত নারী আসনের সাংসদ অধ্যাপিকা এথিং রাখাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আজম নিজামী। উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই-এর সভাপতি কোশো নিউনো, সংগঠনের বাংলাদেশ অংশের সভাপতি পলাশ বড়ুয়া, সহসভাপতি দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ-ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত বড়ুয়া, যুব মহাসম্মেলন উদ্যাপন পরিষদের সভাপতি রূপন বড়ুয়া প্রমুখ।রূপন বড়ুয়া জানান, দিনব্যাপী এই সম্মেলনে সারা দেশ থেকে ১০ হাজারের বেশি নতুন প্রজন্মের প্রতিনিধি ছাড়াও জাপান থেকে ১০০ এবং থাইল্যান্ড থেকে ২০ জন অংশ নেন।অভিভাবকদের সন্তানের ওপর নজর রাখার পরামর্শ দিয়ে সাজেদা চৌধুরী বলেন, ‘প্রতিটি ঘর যদি শান্তির নীড় হয় তবে দেশে শান্তি থাকবে। প্রতিটি দেশে শান্তি থাকলে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব পাব।’সাংসদ আবদুর রহমান বদি বলেন, যুব সমাজ চাইলেই পারে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে। সাংসদ এথিন রাখাইন বলেন, ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ চর্চা করে। বৌদ্ধ ধর্ম মেনে চললে সমাজে মঙ্গল ও সুখ-শান্তি আসবে। বিকেল পাঁচটায় সম্মেলন শেষে শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজারের রাখাইন তরুণীদের প্রদীপ নৃত্য, বান্দরবানের তংচইগ্যা, লামার মুরং এবং রাঙামাটির মারমা তরুণীদের বাঁশ, বোতল, জুম নাচ ও গান সবাইকে মাতিয়ে রাখে।