টেকসই উন্নয়ন ও বিশ্ব শান্তি নিশ্চিত করতে দারিদ্র্য ও বৈষম্য দূর করার আহ্বানের মধ্য দিয়ে গতকাল সোমবার ঢাকায় শেষ হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন।পররাষ্ট্র মন্ত্রণালয় রূপসী বাংলা হোটেলে ‘জনগণের কর্মসংস্থান ও উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে দুই দিনের আলোচনায় জাতিসংঘের ৬২টি দেশ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলন শেষে যেসব সুপারিশ এসেছে, তা আগামী অক্টোবরে অনুষ্ঠেয় জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য পেশ করার কথা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সম্মেলনের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, দারিদ্র্য ও ক্ষুধা দূর করার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে। এর আগে সমাপনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী বলেন আয়, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের পরও তৃণমূল পর্যায়ে অংশীদারি গণতন্ত্র ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার মূল্যবোধে কোনোভাবে ঘাটতি রাখা চলবে না। ভারতের পল্লি উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ বলেন, অর্থনৈতিক উন্নয়ন যে জরুরি, তাতে কোনো সন্দেহ নেই। তবে উন্নয়নের সুষম বণ্টন এবং মূলধারার সঙ্গে সমাজের সব অংশকে যুক্ত করাটাকে খাটো করে দেখার সুযোগ নেই। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি আই পিরেস বলেন, মানব পাচার, দস্যুতা, সন্ত্রাসবাদে অর্থায়ন ও ছোট অস্ত্রের বিস্তার রোধে রাষ্ট্রগুলোকে সচেতন থাকতে হবে। ইউএন-হ্যাবিটেটের উপমহাসচিব জোয়ান ক্লস বলেন, বাংলাদেশের শান্তির মডেলটি পাশ্চাত্য থেকে উৎসরিত নয়, দেশজ। সামাজিক ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের এ মডেল পৃথিবীর যেকোনো দেশের জন্য প্রযোজ্য।