বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লায় ১২ গুণী শিক্ষককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বিদ্যালয়ে চাকরি করেও ২০ বছর ধরে বেতন পান না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আখতার। চলতি বছরের ৩১ ডিসেম্বর তাঁর চাকরির মেয়াদ শেষ হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে মাসে তিন হাজার টাকা করে ভাতা দেয়। ওই ভাতা দিয়েই তিনি টেনেটুনে চলছেন।

এভাবে কঠিন সংগ্রাম করে শিক্ষকতার পাশাপাশি নানা কাজের মধ্য দিয়ে সমাজকে আলোকিত করেছেন কুমিল্লা জেলার ১২ জন গুণী শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে এই শিক্ষকদের সম্মাননা দিয়েছে কুমিল্লা গণিত ক্লাব। বিকেলে শহরের ঝাউতলার কুমিল্লা মডেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

সম্মাননাপ্রাপ্ত অন্য শিক্ষকেরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম, একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুনির আহাম্মদ, ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা মডার্ন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা নূর, বরুড়া উপজেলার পেরপেটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন লোধ (মরণোত্তর), কুমিল্লা নগরের কালিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, লাকসামের নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ হোসেন (মরণোত্তর)।

এর মধ্যে চিত্ত রঞ্জন লোধের পক্ষে তাঁর ছোট ছেলে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ দীপঙ্কর লোধ ও বড় মেয়ে ফরিদা বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষক গোপা রাণী লোধ সম্মাননা নেন। এ ছাড়া আহম্মদ হোসেনের পক্ষে তাঁর একমাত্র ছেলে মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম খোরশেদ আলম সম্মাননা নেন। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজিজুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুনুর রশীদ, অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, কুমিল্লা গণিত ক্লাবের সাধারণ সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান আবু জাফর খান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান ও প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন বদরুল হুদা জেনু।

২০১০ সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা গণিত ক্লাব জেলার গুণী শিক্ষকদের সম্মাননা দিয়ে আসছে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষকদের মূল্যায়ন, পদমর্যাদা উন্নীতকরণ’।