বিশ্ব শিক্ষক দিবসে দুটি সংগঠনের পৃথক কর্মসূচি
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রংপুরে গতকাল বুধবার পৃথক দুটি শিক্ষক সংগঠন কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর শাখার উদ্যোগে গতকাল সকালে রংপুর নগরের চেম্বার মিলনায়তনে আলোচনা সভা হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে চারজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন কারমাইকেল কলেজের শিক্ষক শাহ আবদুল হাই, শঠিবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক আসগর হোসেন সরকার, পীরগাছা ডিগ্রি কলেজের শিক্ষক রেজাউল করিম, কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের শিক্ষক মহেন্দ্র চন্দ্র বর্মণ।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে মূল আলোচক ছিলেন শিক্ষা বার্তার সম্পাদক এ এন রাশেদা। এ ছাড়া আলোচনা করেন সংগঠনের সম্পাদক রওশানুল কাওসার, সহসভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে শিক্ষক সমিতি মহানগর শাখার উদ্যোগে শিক্ষা কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর রংপুর প্রেসক্লাব এলাকায় সমাবেশ হয়। সমাবেশে সংগঠনের সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন আতিয়ার রহমান প্রামাণিক, আয়েশা সিদ্দিকা প্রমুখ।