বিশ্ব শিক্ষক দিবসে রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন বিএনপির সমর্থক একটি শিক্ষক সংগঠনের নেতারা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে জানুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা এ হুমকি দেন। দিবসটি উপলক্ষে শিক্ষকদের বিভিন্ন সংগঠন গতকাল রাজধানীসহ সারা দেশে পৃথক কর্মসূচি পালন করে।শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অনুষ্ঠানে শিক্ষক নেতাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, ‘আপনারা আন্দোলনে নামলে দলগতভাবে বিএনপি তাতে সমর্থন দেবে। রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের পাশে পাবেন।’ তিনি বলেন, এ সরকারের মাথায় এখনো বাকশালি ভূত চেপে আছে। তাই তারা কারও কথাই শুনবে না।সরকার বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় এসেছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের স্বার্থ হাসিলের জন্য এ সরকারকে ক্ষমতায় এনেছে। এ জন্য দেশের স্বার্থ বিসর্জন দিয়ে টিপাইমুখে বাঁধ নির্মাণে ভারতকে সরকার অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের কথায় আফগানিস্তানে সেনা পাঠানোর উদ্যোগ নিয়েছে।শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘ডিসেম্বরের মধ্যে চাকরি জাতীয়করণ না হলে জানুয়ারি থেকে শিক্ষকেরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেবেন।’অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার প্রমুখ বক্তব্য দেন।শোভাযাত্রা: শিক্ষক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রা বের করে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ফ্রন্টের প্রধান সমন্বয়ক কাজী ফারুক আহমদ বলেন, প্রবীণ শিক্ষকদের বিদায় ও নবীনদের শিক্ষকতা পেশায় অনীহার কারণে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সংকট দেখা দিয়েছে। শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে বেতন-ভাতা বাড়ানো, সামাজিক মর্যাদা নিশ্চিত ছাড়া শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত মান অর্জন করা সম্ভব হবে না।শোভাযাত্রায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি বিলকিস জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চাই: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পরিচালনা পর্ষদে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে শিক্ষার মান বাড়বে। শুধু তা-ই নয়, শিক্ষকতা পেশায় থেকে দলীয় রাজনীতিতে অংশ নেওয়া যাবে না।বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন—এ বিষয়টি উপলব্ধি করেই সরকারকে কাজ করতে হবে। কিন্তু শিক্ষকদের সামাজিক মর্যাদা না বাড়ায় মেধাবী লোকজন এখন এই পেশায় আসছেন না।পরিষদের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সরকারকে সবার আগে শিক্ষাক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বাকশিসের ভারপ্রাপ্ত মহাসচিব এ কে এম আবদুল্লাহ বলেন, বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো (পে-স্কেল) থাকলেও শিক্ষকদের জন্য এখনো এ ধরনের বেতনকাঠামো তৈরি হয়নি।সভায় বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাঠান, অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, অধ্যক্ষ আবদুল মোনায়েম প্রমুখ বক্তব্য দেন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: শিক্ষক দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের একটি প্রতিনিধিদল গতকাল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন দেশের কারিকুলামের আলোকে দেশের শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে।প্রতিনিধিদলে ইউনিয়নের সভাপতি ম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক বিজয় কুমার, মো. আজিজুর রহমান, নূর মোহাম্মদ তালুকদার, এম এ আউয়াল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।বিভিন্ন সংগঠনের কর্মসূচি: দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালন করে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভার আয়োজন করে। সমিতির সভাপতি মো. সামসুল হক ও সাধারণ সম্পাদক মো. ইনছান আলী এ সময় বক্তৃতা করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে লালবাগের রহমতুল্লাহ মডেল হাইস্কুলে অনুষ্ঠিত এক সভায় শিক্ষা জাতীয়করণের দাবি জানানো হয়। শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধায় বৈষম্য রেখে শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব নয়। এতে সমিতির নেতা মো. মতিয়ার রহমান, শাহনাজ পারভীন, গাউছুল হক মোল্লা, আবদুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজিমপুরের নিজস্ব কার্যালয়ে সভার আয়োজন করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন অংশ কর্মসূচি পালন করে।