বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার নীলফামারী ও পঞ্চগড়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় জেলা চাইল্ড লেবার এলিমেনেশন অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এসব কর্মসূচির আয়োজন করে।
নীলফামারীতে গতকাল সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম।
ক্লিনের সভাপতি শাহ আহসান হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, ইএসডিওর আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে সকালে পঞ্চগড় জেলা শিশু একাডেমী চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্লিনের সভাপতি সফিকুল আলম।