বিশ্ব সম্প্রদায়ের কাছে নির্বাচন ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে বিশ্ব সম্প্রদায় ইতিবাচক অর্জন হিসেবে নিয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের গতকালের এই অধিবেশন শুরু হয়।
নির্বাচন সম্পর্কে এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত-শিবির গোষ্ঠীর সকল প্রকার সহিংস তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অপচেষ্টার বিপক্ষে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে একটি ইতিবাচক অর্জন হিসেবে গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান দশম সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এ ছাড়া জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ ১০টি সংস্থার প্রধানেরা নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছেন।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাকে সচল রাখতে একযোগে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ‘দশম সংসদ নির্বাচন এবং নবনির্বাচিত সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা এবং সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় আমাদের সরকারের সফল কূটনৈতিক প্রয়াস ও কর্মকাণ্ডের সাক্ষ্য বহন করে।’
স্বতন্ত্র জোটের নেতা হাজি সেলিমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, একটি বাড়ি একটি খামার কর্মসূচিকে স্থায়ী রূপ দিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সম্পূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুদ্র সঞ্চয় জমা রাখার একটি ব্যাংক হবে, যা তাদের সঞ্চয়, বিনিয়োগ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
মাইদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যমুনা নদীতে বাহাদুরাবাদ ও ফুলছড়ির মধ্যে টানেল (সুড়ঙ্গ) করা যেতে পারে।