বিশ্ব সাইক্লিং দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি
বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা এবং বাংলাদেশে জাতীয়ভাবে দিনটিকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল শনিবার ঢাকায় পালিত হয়েছে বিশ্ব সাইক্লিং দিবস। কয়েকটি সংগঠনের যৌথভাবে আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানানো হয়।নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকা সাইক্লিং ক্লাব ও গ্রিন বেল্ট ট্রাস্ট নামের তিনটি সংগঠন যৌথভাবে গতকাল দিবসটি পালন করে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ অধিক হারে কার্বন ডাই-অক্সাইডের নির্গমন। যান্ত্রিক যানবাহনের ব্যবহার এ ক্ষেত্রে কিছুটা দায়ী। সাইকেলের ব্যবহার বাড়ালে যান্ত্রিক বাহনের ওপর নির্ভরশীলতা অনেকটা কমবে।সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনূর সাঈদ, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে দুই হাজার ১০০ কিলোমিটার সাইকেল চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, রক্তচাপের ঝুঁকি ৩০ শতাংশ, হূদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি ৫০ শতাংশ কমে যায়। তাঁরা ঢাকা শহরে সাইকেল চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য শহরের সবখানে সাইকেল চলাচলের নেটওয়ার্ক, পৃথক লেইন তৈরি, ফ্রি সাইকেল সার্ভিস চালু করাসহ বিভিন্ন দাবি জানান।এরপর অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।সকালে বেলুন উড়িয়ে কর্মসূচি শুরুর আগে সাইক্লিং দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া ও সাইকেল চলাচলের উপযোগী পরিবেশ সৃষ্টির দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করা হয়।আয়োজকেরা জানান, ১৮ সেপ্টেম্বর বিশ্ব সাইক্লিং দিবস হিসেবে স্বীকৃত। তবে বাংলাদেশে জাতীয়ভাবে দিবসটি স্বীকৃতি পায়নি।