বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে নীতিমালা ও আইন থাকলেও তা অকার্যকর। তথ্য অধিকার আইন আছে, কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধীর জন্য নেই প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ। তাদের জন্য হাসপাতালসহ কোনো অবকাঠামোই প্রবেশগম্যভাবে তৈরি করা হয়নি। প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে।গতকাল শুক্রবার সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।সভার প্রধান অতিথি মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। তাদের প্রশিক্ষণের দিকেও সরকার নজর দিয়েছে। প্রতিবন্ধীদের চাকরির বয়সসীমা বাড়িয়ে ৪০ বছর করা হয়েছে।সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান সভাপতিত্ব করেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী নুরুল কবীর, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, সাইট সেভারসের দেশীয় পরিচালক ওয়াহিদুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।বক্তারা বলেন, শুধু দিবসকে কেন্দ্র করে নয়, সারা বছরই প্রতিবন্ধীদের সমঅধিকার আদায় ও তাদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারসহ সবাইকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। সভার আগে দিবসটি উপলক্ষে শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সমাজসেবা অধিদপ্তরে গিয়ে শেষ হয়।