বিশ্ব সেবা দিবসে বিব্রত এক চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার চরের গ্রাম চর সোনারামপুর! ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এই গ্রামের স্বর্ণালী রানী বর্মণ (৪৫) বুকে ব্যথা নিয়ে গতকাল শনিবার সকালে উপ-স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও একমাত্র চিকিৎসকের দেখা পাননি।স্বর্ণালী বলেন, ‘আপারে (স্বাস্থ্য কর্মকর্তা শাহান আরা) কোনো সময় আইসা পাইলাম না। পামু কেমনে! তাইনে তো এই সময় নিজের হাসপাতালে থাহেন। ওইখানে গেলে ২০০ টেহা রাইখা দিবনে।’স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শাহান আরা বিভিন্ন মেয়াদে উপ-স্বাস্থ্যকেন্দ্রে আছেন ১২ বছর ধরে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশির ভাগ সময় স্বাস্থ্যকেন্দ্রে আসেন না। আবার স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে সরেও যাচ্ছেন না। তাঁর জন্য প্রতিদিন অসংখ্য রোগী সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে আশুগঞ্জ নূর মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, শাহান আরা আলট্রাসনোগ্রাম করছেন। তখন বেলা ১১টা ২৫ মিনিট। ছয় তলাবিশিষ্ট ভবনে অবস্থিত ওই ক্লিনিকের মালিক শাহান আরার স্বামী। কর্মস্থলে না থাকার কারণ জানতে চাইলে বিব্রতবোধ করেন ওই চিকিৎসক। পরে তিনি বলেন, ‘আজই এমন হয়েছে।’ আজ বিশ্ব সেবা দিবস—মনে করিয়ে দিলে আবার বিব্রতবোধ করেন তিনি।জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার শিল্পসৃমদ্ধ উপজেলা আশুগঞ্জ। এখানে জনসংখ্যা এক লাখ ৪৭ হাজার। শ্রমজীবী ও ভাসমান মানুষের সংখ্যা বেশি। স্বাস্থ্যকেন্দ্রটি চালুর ৬৫ বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে চিকিৎসক এক থেকে দুই হয়নি। এর মধ্যে ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। পরে ফার্মাসিস্টের আবাসিক ভবনের একটি কক্ষে কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এখনো সেখানেই রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।গতকাল সেখানে গিয়ে দেখা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা নুরুল ইসলাম বসে আছেন। চিকিৎসক না হয়েও চিকিৎসা দিচ্ছেন তিনি। তাঁর হাতে রক্তচাপ মাপার যন্ত্রটিও নেই। পাশের টেবিলে বসে ফার্মাসিস্ট সাদরুল আলম ওষুধ বিতরণ করছেন।বাজারের চ্যানেলপাড়ের আছিয়া বেগম (৫০) স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে ‘ব্যথা’ শব্দটি উচ্চারণ করতেই একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয় তাঁর হাতে। তিনি স্লিপটি দেন ফার্মাসিস্টের হাতে। ফার্মাসিস্ট আছিয়ার হাতে ধরিয়ে দেন ছয়টি প্যারাসিটামল বড়ি। আছিয়ার চিকিৎসা মাত্র ৩০ সেকেন্ড সম্পাদন হয়। মেডিকেল কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘ডাক্তার আপা সাড়ে ১১টার দিকে আসেন। দুপুর পর্যন্ত থাকেন।’উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়, সম্প্রতি উপজেলা পরিষদের ভেতরে দুটি কক্ষ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কাজ শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করার জন্য এখনো প্রশাসনিক অনুমোদন মেলেনি।তথ্যটি জানার পর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের ভেতরে গিয়ে দেখা যায়, উবায়দুল হক নামে এক চিকিৎসক রোগী দেখছেন। বাইরে ২০-২৫ জন রোগী অপেক্ষা করছেন। ওই চিকিৎসক দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিনজন রোগী দেখেছেন। স্বাস্থ্য কর্মকর্তা উবায়দুল হক বলেন, ‘প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সফিকুল ইসলাম আছেন মাঠে। ডা. দেলোয়ার হোসেন ও এস এম মহিউদ্দিন আসেননি।’বিশ্ব সেবা দিবসে চিকিৎসাসেবার এই হাল তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সফর রাজ খান চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। প্রথম আলোকে তিনি বলেন, ‘উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শাহান আরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর বহির্বিভাগের চিত্র এমন হলো কেন—তাও জানা হবে।’