বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্যমেলা
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল মুক্তিযোদ্ধা ও বয়োবৃদ্ধদের জন্য স্বাস্থ্যমেলার আয়োজন করেছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। ৭ এপ্রিল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল প্রাঙ্গণে এ মেলার কার্যক্রম চলবে।মেলার কার্যক্রম চলাকালে মুক্তিযোদ্ধা এবং ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের জন্য হাইট-ওয়েট, বিএমআই, ব্লাড সুগার ও অন্যান্য বিষয়ে চিকিৎসা পরামর্শসহ বিনা মূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। স্বাস্থ্যমেলায় বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া শিল্পী, সাহিত্যিক ও গণমাধ্যম-ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।স্বাস্থ্যমেলা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান ও ব্যথা বিশেষজ্ঞ অধ্যাপক জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক ও লেপারোস্কোপিক শল্যবিদ অধ্যাপক সরদার এ নাঈম। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডাকে প্রতিবছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বয়োবৃদ্ধ ও স্বাস্থ্য’। বিজ্ঞপ্তি।