বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঢাকায় আসছেন আজ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান দুই দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ঢাকার বাইরে সফরের সময় তিনি আইলা-বিধ্বস্ত এলাকা এবং ব্র্যাক পরিচালিত ক্ষুদ্রঋণ প্রকল্প দেখতে যশোরের চৌগাছায় যাবেন।মার্গারেট চ্যান মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতার পাশাপাশি আগামী বছর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন।এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। ঢাকা সফরের সময় তাঁর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনেরও কথা রয়েছে।