র্যালি, সেমিনার ও বিনা মূল্যে রোগ নির্ণয়ের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষকে সচেতন করার ব্যাপারে জোর দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে একটি র্যালির উদ্বোধন করেন উপাচার্য কামরুল হাসান খান। এরপর হেপাটাইটিস বিষয়ে আয়োজিত সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হেপাটোলজি বিভাগের অধ্যাপক সেলিমুর রহমান। বেসরকারি অ্যাপোলো হাসপাতাল দিবসটি উপলক্ষে বিনা মূল্যে হেপাটাইটিস বি শনাক্ত করার কর্মসূচি নেয়। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ একটি আলোচনা সভার আয়োজন করে। তাতে হাসপাতালের মুখ্য পরিচালন কর্মকর্তা রত্নদীপ চাসকার বলেন, ‘নির্দিষ্ট টিকা গ্রহণ করে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব।’ মানুষকে সচেতন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।