বিশ্বকাপ আয়োজনের ৩৫০ কোটি টাকার হিসাব দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে ৩৫০ কোটি টাকা খরচের হিসাব চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর দাবি, কোথায় কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, স্বচ্ছতার স্বার্থে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘সংবাদপত্রের স্বাধীনতা ও মাহমুদুর রহমান: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র এ দাবি করেন।গয়েশ্বর চন্দ্র বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো কিছুই পরিকল্পিতভাবে হয়নি। দেশের সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিষয়গুলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপন করা হয়নি। সাজসজ্জায়ও রুচিবোধের অভাব ছিল। এমনকি গান পরিবেশনেও কোনো আকর্ষণ ছিল না। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক অনুষ্ঠানে মমতাজের ‘নান্টু ঘটকের’ ও সাবিনা ইয়াসমিনের ‘ও আমার রসিয়া বন্ধু রে’ গান শুনে মানুষ হতাশ হয়েছে।বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্বকাপ খেলা চলাকালে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না। তবে বিশ্বকাপ খেলা শেষ হলে আমাদের নিজস্ব খেলা শুরু হবে।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহাবুবুর রহমান বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছে, তা দেশ ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশেনের সভাপতি মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।