ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীতে চলা সড়কগুলোর মেরামতকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৬ ইসিবি) এই প্রকল্প বাস্তবায়ন করছে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে প্রকল্পের পরিচালক ও ১৬ ইসিবির পরিচালক আবু সাঈদ মো. মাসুদ এক সংবাদ সম্মেলনে জানান, প্রকল্পের অন্তর্ভুক্ত সড়ক ও নালার ৮৫ শতাংশ এবং ৯০ শতাংশ ফুটপাতের কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজ আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। জানা গেছে, এ প্রকল্পের আওতায় দেশি-বিদেশি ক্রিকেট খেলোয়াড় ও কর্মকর্তাদের চলাচলের পথ, মিরপুর শেরেবাংলা ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশের রাস্তা মেরামত করা হচ্ছে। প্রকল্পের আওতাধীন সড়কের পরিমাণ ২২ কিলোমিটার। এসব এলাকার নালা ও ফুটপাতও প্রকল্পের আওতায় সংস্কার করা হচ্ছে। গত ২৬ ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে মিরপুর-১০ নম্বরের কাছে একটি বিকল্প রাস্তা করা হয়েছে। এই রাস্তা বের করতে গিয়ে ৬০ হাজার বর্গফুট অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল সহিদুর রহমান বলেন, দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দিনরাত পালা করে কাজ করছে। সংবাদ সম্মেলনে প্রকল্পের বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন অতিরিক্ত প্রকল্প পরিচালক লে. কর্নেল এম এ মোহী।