বিশ্বকাপ উপলক্ষে সাজছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বকাপের আর মাত্র ১৪ দিন বাকি। ঢাকার পাশাপাশি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতিসহ দুটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামকে সাজিয়ে তোলা হচ্ছে বর্ণিল সাজে। গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক মোড়ে রয়েল বেঙ্গল টাইগার, ফোয়ারা, ক্রিকেটারের ভাস্কর্য, ফুলের বাগান ইত্যাদির মাধ্যমে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে বসানো হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য। ইট, বালি ও সিমেন্ট দিয়ে তৈরি এই ভাস্কর্যটিতে গতকাল শুক্রবার রঙের প্রলেপ দেওয়া হয়। সিটি করপোরেশনের উদ্যোগে এ বাঘটি এখানে বসানো হয়। একই এলাকায় পাহাড়ের দুই পাশে আরও দুটি বাঘ বসানো হবে। জানা গেছে, টাইগার পাস মোড়ে স্থাপন করা বাঘটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট আর উচ্চতা ১০ ফুট। শিল্পী মানবেন্দ্র ঘোষ ভাস্কর্যটি নির্মাণ করেন। দুই দিন আগে বাঘটি বসানো হলেও রং করা হয় গতকাল। বাঘের আবক্ষ দেখার জন্য প্রতিদিনই ভিড় করছে উৎসুক মানুষ। গতকাল বিকেলে টাইগার পাস এলাকায় গিয়ে দেখা যায়, বাঘের ভাস্কর্যে রং করা হচ্ছে। আর এটা দেখতে চারপাশে মানুষের ভিড়। সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘আমরা টাইগার পাস মোড়ে মোট তিনটি রয়েল বেঙ্গল টাইগার বসাব। ইতিমধ্যে একটি স্থাপন করা হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অন্তত ২০টি ফোয়ারা হবে। জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের মূল ফটকে বসানো হবে ক্রিকেটারের ভাস্কর্য।’সিটি করপোরেশন ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পর্যটন করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (চউক) বিভিন্ন সংস্থা সৌন্দর্যবর্ধনের কাজ করছে। এর অংশ হিসেবে নগরের টাইগার পাস, ওয়াসা মোড়, ইপিজেড মোড়, জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়ে ফোয়ারা বসানো হচ্ছে। চট্টগ্রামের বিশ্বকাপ ভেন্যুর চেয়ারম্যান ও বিসিবির পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম নগরকে সৌন্দর্যবর্ধনের মূল কাজটি করছে সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে টাইগার পাসে বাঘের ভাস্কর্য বসানো হয়েছে। এ ছাড়া পর্যটন করপোরেশন, চউকসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান নগরকে বর্ণিল সাজে সাজানোর উদ্যোগ নিয়েছে।’