বিশ্বকাপ ক্রিকেট মাঠে সেনাবাহিনীর মহড়া
বিশ্বকাপ ক্রিকেটের খেলা চলছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। হঠাৎ বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো মাঠ। বোমা ফাটিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসীরা। তাদের দাবি, এ দেশের মাটিতে ক্রিকেট খেলা চলতে দেওয়া হবে না।সন্ত্রাসীদের এই হুমকি শেষ হতে না হতেই সেনা কমান্ডো নিয়ে একটি হেলিকপ্টার উড়ে আসে মাঠের ওপর। জীবনের ঝুঁকি নিয়ে মাঠের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। গুলিতে প্রাণ হারায় সন্ত্রাসীরা। এ ঘটনা আসলে সত্যি নয়, এটি একটি মহড়া। গতকাল শনিবার বিকেলে শেরে বাংলা স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর এই মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রায় ২০০ সেনা কমান্ডো অংশ নেন।মহড়া শেষে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মতিউর রহমান সাংবাদিকদের বলেন, আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে সেনা মোতায়েনের লক্ষ্য হচ্ছে, নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, যাতে বিশ্বকাপের আয়োজন সাফল্যমণ্ডিত করা যায়। যেকোনো নাশকতা ও সংকট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও কাজ করবে। যেকোনো মুহূর্তে পুলিশকে সহায়তা দিতে সেনবাহিনী প্রস্তুত থাকবে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারলে জরুরি প্রয়োজনে ৩০ মিনিটের মধ্যে তারা স্টেডিয়ামচত্বরে উপস্থিত হবে।এর আগে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ আসাদুজ্জামান বলেন, যেসব হোটেলে ক্রিকেটাররা থাকবেন, বিশেষ করে রাজধানীর হোটেল শেরাটন ও চট্টগ্রামের হোটেল পেনিনশুলায়, ক্রিকেটারদের নিরাপত্তা দিতে কমান্ডোরা মোতায়েন থাকবেন। আর তেজগাঁও বিমানবন্দরে প্রস্তুত থাকবে সেনাবাহিনীর হেলিকপ্টার।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, প্রতিটি খেলার সময় শেরে বাংলা স্টেডিয়ামচত্বরে ৫৩০ জন পুলিশ মোতায়েন থাকবে। খেলা চলার সময় পুলিশের কাজ হবে মাঠে কোনো নাশকতা ঘটলে ক্রিকেটারদের উদ্ধার করে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া।