বিশ্বকাপ ক্রিকেট: চট্টগ্রামে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট চলাকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হলে স্টেডিয়ামে যাতে পানি না ঢোকে, তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির তাগিদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে গঠিত সমন্বয় কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এ বৈঠক করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। সূত্র জানায়, বৈঠকে স্টেডিয়ামের বিভিন্ন সংযোগ সড়ক, সড়কদ্বীপ নির্মাণ, পার্কিং ব্যবস্থা, পথ নির্দেশিকা চিহ্ন আঁকা, নিরাপত্তা এবং স্টেডিয়ামের মাঠ ও অবকাঠামো নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জলাবদ্ধতা নিরসন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।আলোচনার একপর্যায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর-ই-ইলাহী সিটি করপোরেশনের বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, স্টেডিয়ামের বাইরের সড়কগুলো অনেক উঁচু করে নির্মাণ করা হচ্ছে। যদি বৃষ্টি হয়, তাহলে এখান থেকে পানি স্টেডিয়ামের ভেতরে ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে মনে হয় ওই সময় বৃষ্টি হবে না, তার পরও প্রস্তুতি রাখা দরকার। বিষয়টি নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। সাগরিকা থেকে স্টেডিয়াম পর্যন্ত নির্মাণাধীন সড়কটিও খুব উঁচু করে নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সভায় জানান, রাস্তা উঁচু করে নির্মিত হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। এই পানি স্টেডিয়ামে ঢুকবে না।বিভাগীয় কমিশনার বলেন, ‘চৈত্র মাসে কালবৈশাখী হতে পারে। সেভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে বৃষ্টি হলেও অল্প হবে। বৃষ্টি হলেও যাতে পানি স্টেডিয়ামে না ঢুকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে।’আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের উপস্থিতিতে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আরেকটি অগ্রগতি বৈঠক হওয়ার কথা রয়েছে।