স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট আয়োজনকে বাধাগ্রস্ত করতে বিরোধী দল তৎপরতা চালাচ্ছে। এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তারা ইস্যুবিহীন হরতাল ডেকেছে। তিনি আরও বলেন, বিশ্বকাপ ক্রিকেট আয়োজন বাংলাদেশের গৌরব। তাই বিরোধী দলের ওই রকম কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় র্যাব-১১ ব্যাটালিয়নের সদর দপ্তর ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় র্যাব গঠনের প্রথম দিকে র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তখন দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে এবং গ্রেনেড হামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে হত্যা করা হয় দেশের বরেণ্য ব্যক্তিদের।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার সেই বৃত্ত থেকে র্যাবকে বের করে এনে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে র্যাব কার্যকর ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছে।অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার র্যাব সদস্যদের উদ্দেশে বলেন, ‘মুষ্টিমেয় কিছু সদস্যের জন্য আমাদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। গুটি কয়েক সদস্যের জন্য পুরো র্যাব সম্পর্কে বিরূপ মন্তব্য প্রকাশ করা দুঃখজনক। সুশীল সমাজের কাছে আমাদের আবেদন, ভালো কাজের জন্য হাততালি দিন। গঠনমূলক সমালোচনা করুন। ভিত্তিহীন বিষয়ের ওপর মন্তব্য করে র্যাব সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা থেকে বিরত থাকা উচিত।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আহসানুজ্জামান প্রমুখ।