বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি দেখলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি এখন বাংলাদেশে। আগামী বছর অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দেশগুলোয় সফরের অংশ হিসেবে এটি বাংলাদেশে আনা হয়েছে।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি হাতে নিয়ে দেখেন। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য গতকাল সকালে বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। খবর বাসসের।
গণভবনে বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের ২০১৫ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য আন্তরিকতার সঙ্গে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাংসদ নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক (গণমাধ্যম) জালাল ইউনুস ও ইসমাইল হোসেন মালিক এবং বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিমাজউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।