বিশ্বকাপ ক্রিকেটের সময় সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাহিদা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার। ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করা হবে।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বকাপ ক্রিকেটের সময় নিরাপত্তাবিষয়ক এক আন্তমন্ত্রণালয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি খেলোয়াড় ও দর্শকসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তায় সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হবে। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৈঠকে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান আ ন হ মোস্তফা কামাল বলেন, খেলোয়াড়, দর্শক ও অতিথিদের নিরাপত্তায় কোনো ধরনের নাশকতার হুমকি রয়েছে বলে তাঁরা মনে করছেন না। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।