বিশ্বকাপ নিয়ে সমন্বয় সভায় সংস্কারকাজ নিয়ে অসন্তোষ
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সমন্বয় কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি থাকলেও সড়ক সংস্কারকাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।
সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘সিডিএ অ্যাভিনিউ সড়কে বহদ্দারহাট থেকে লালখানবাজার পর্যন্ত যেসব কাজ চলছে, তা নিম্নমানের। সিটি করপোরেশন এ কাজ করছে। কাজের মান আরও ভালো হওয়া উচিত।’
জেলা প্রশাসক বিমানবন্দর সড়কের বোট ক্লাব অংশের সড়ক সংস্কারের পাশাপাশি নগরের পরিচ্ছন্নতার ওপর জোর দেন।
সভায় বক্তব্য দেন বিসিবির পরিচালক ও চট্টগ্রামের ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছিরউদ্দিন। তিনি সার্বিক প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস বলেন, ‘নগরের বিমানবন্দর সড়কে কোনো আলোকসজ্জা করা হয়নি। অথচ ইতিমধ্যে দলগুলো চট্টগ্রাম চলে আসতে শুরু করেছে।’