বিশ্বকাপ: বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী নেবে কাতার

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী নেবে কাতার। এসব কর্মীর যেতে খুব একটা খরচ হবে না।
কাতার সফর শেষে ঢাকায় ফিরে আজ সোমবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
চলতি বছরের ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীকল্যাণমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কাতার সফর করে। দেশে ফিরে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুন নাহার উপস্থিত ছিলেন।
২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে শামছুন নাহার জানান, ৫ মার্চ থেকে বিদেশে যেতে আগ্রহী নারী কর্মীদের নাম নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের জন্য আগ্রহী নারী কর্মীদের বয়স ২৫ থেকে ৪৫ বছর হতে হবে। হাউসকিপার, কেয়ার গিভার, বেবি সিটার, মালী, গার্ড, ক্লিনার, ড্রাইভার, কুক পেশায় আবেদন করা যাবে। সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নগর ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, ৪২ জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে টেলিটকের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এ জন্য খরচ হবে ২০০ টাকা। ফরম পূরণে সহযোগিতা করার জন্য উদ্যোক্তাকে ১০০ টাকা দিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ থেকে ১১ মার্চ পর্যন্ত ঢাকায় অনলাইনে নাম নিবন্ধন করা যাবে। ১২ থেকে ১৬ মার্চ নিবন্ধন হবে রাজশাহী ও রংপুর বিভাগে। ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত নিবন্ধন হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত নিবন্ধন চলবে বরিশাল ও খুলনা বিভাগে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন চলবে।
নিবন্ধন করতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন সনদ আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদের এক সেট ফটোকপিসহ, প্রশিক্ষণের সনদ, অভিজ্ঞতার সনদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদ আনতে হবে।