আসন্ন বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শেষ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। সেই সঙ্গে নগরের সৌন্দর্য বাড়াতে ৩০০ জন শ্রমিক টানা কাজ করবেন। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম চট্টগ্রামে এক বৈঠকে সিটি করপোরেশনের উন্নয়নকাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিশ্বকাপ শুরুর আগে সব উন্নয়নকাজ সময় মতো শেষ করা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। সিটি করপোরেশন সূত্র জানায়, বিশ্বকাপ উপলক্ষে সড়ক সংস্কারের অংশ হিসেবে এসফল্ট প্লান্টের মাধ্যমে বিভিন্ন স্থানে পিচ করা হচ্ছে। এ ছাড়া সড়কের মধ্যে প্রতিবন্ধক নির্মাণ এবং আশপাশের বিদ্যুতের খুঁটিতে রং করার কাজও শুরু হয়েছে।গতকালের সাধারণ সভায় আসন্ন গরমের মৌসুমে নগরের পানির সংকট মোকাবিলা করতে ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলের তত্ত্বাবধানে ৫৫টি গভীর নলকূপ স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এক সপ্তাহের মধ্যেই এগুলো বসানোর দরপত্র আহ্বান করা হবে।