বিশ্বকাপে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কাল বৃহস্পতিবার ঢাকা মহানগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি এবং ১৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই ছুটি ঘোষণা করা হয়। বিশ্বকাপের উদ্বোধন এবং খেলাগুলো সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এই ছুটি ঘোষণা করেছে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে ঘোষিত ১৯ ফেব্রুয়ারি ও ১৯ মার্চের ছুটি ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।ব্যাংক দুইটা পর্যন্ত: বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের অফিস এবং তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত।