বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামে মহড়া
চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের দুটি খেলা সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে যৌথ মহড়া হয়েছে। মহড়ায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।আপৎকালীন সময়ে কীভাবে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা বিধান করা হবে, সে জন্য এই মহড়ার আয়োজন করা হয়। স্টেডিয়ামে সকালে পৌনে এক ঘণ্টাব্যাপী মহড়ায় দেড় হাজার নিরাপত্তাকর্মী, দুটি হেলিকপ্টার, সাঁজোয়া যান ও অগ্নিনির্বাপন গাড়ি ব্যবহার করা হয়।ক্রিকেটারদের প্রধান আবাসন হোটেল পেনিনসুলায় নিরাপত্তা নিয়ে অপর মহড়া হয় বিকেলে। সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী মহড়ায় অংশ নেন পুলিশ, র্যাব ও সেনাসদস্যরা।সেনাবাহিনীর কর্নেল হাফিজ, র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান মহড়ায় নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড এবং ১৪ মার্চ বাংলাদেশ-হল্যান্ডের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।চট্টগ্রামে ক্রিকেট ভেন্যু এবং সংশ্লিষ্ট জায়গার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। মহড়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই মহড়ার আয়োজন করেছি। স্টেডিয়াম, বিমানবন্দর ও হোটেলের নিরাপত্তা বিধানে বিভিন্ন বিভাগের প্রায় সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন থাকবেন।’যেভাবে মহড়া হয়: বেলা ১১টায় স্টেডিয়ামের প্রধান প্রবেশমুখ সাগরিকা সড়কে সেনাবাহিনীর তিনটি সাঁজোয়া যান অবস্থান নেয়। মূল ফটকের বাইরে অবস্থান নেয় র্যাব ও পুলিশ। গ্যালারিতে এবং মাঠে বাউন্ডারি লাইনের বাইরেও ছিল পুলিশ। মাঠে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। পরিকল্পনা অনুযায়ী বেলা ১১টা ২০ মিনিটের দিকে র্যাব পূর্ব গ্যালারিতে একটি বিস্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে মাঠের শব্দনিয়ন্ত্রণ যন্ত্র থেকে ভেসে আসে আপদের কথা, দর্শক ও ক্রিকেটারদের প্রতি ধৈর্য ধরার আহ্বান। নিরাপত্তাকর্মীরা ও ফায়ার সার্ভিস বিস্ফোরণস্থলের দিকে ছুটে যায়। চলে আগুন নিয়ন্ত্রণ এবং আহত লোকজনকে উদ্ধারে তৎপরতা।বাইরে থাকা পুলিশ ও র্যাব সদস্যরা মাঠে ঢুকে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করেন। মাঠে ঢোকেন সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্য। পুলিশ ও র্যাবের সহায়তায় সেনাসদস্যরা ক্রিকেটারদের নিরাপদ স্থানে নিয়ে যান। গ্যালারিতে থাকা ৫০ স্কুলছাত্রকে বেরিয়ে যেতে সাহায্য করে পুলিশ।চক্কর দিতে থাকা দুটি হেলিকপ্টারের একটি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠের ওপরে অবস্থান নিলে দড়ি বেয়ে নামেন সেনাবাহিনীর ১৫ জন কমান্ডো। হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে তাতে ক্রিকেটারদের তোলা হয়। অপর হেলিকপ্টারটিও একসময় অবতরণ করে। শেষ হয় মহড়া।হোটেল পেনিনসুলায় বিকেলের মহড়ায়ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য ব্যবহার করে স্নোরকেল।