বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব দেবেন কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির তোপের মুখে পড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে নানা অব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা না থাকা নিয়ে সাংসদদের প্রশ্নের মুখে পড়েন তিনি।এসব বিষয়ে বারবার আমন্ত্রণ জানানো সত্ত্বেও বৈঠকে হাজির না হওয়ায় বিষয়টি উত্থাপনের পর মুস্তফা কামাল দুঃখ প্রকাশ করেন। কমিটির পরবর্তী সভায় তিনি বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব দেবেন বলে জানান। এরপর পরিস্থিতি শান্ত হয়।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ ঘটনা ঘটে।কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ কমিটির সদস্যরা যোগ দেন। বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বিসিবি যেসব অব্যবস্থাপনা করেছে, সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে সবার সমন্বয়ে কাজ করতে বলা হয়েছে।’প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়েছিল, তখন বিসিবির প্রধান তা গ্রাহ্যই করেননি। তবে সংসদীয় কমিটিতে এবার তিনি হিসাব দিতে সম্মত হয়েছেন।’জানা গেছে, সভায় বিসিবির বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের আসন-বিন্যাস ও টিকিট বিক্রির অনিয়মের পাশাপাশি আয়-ব্যয়ের হিসাবে অস্বচ্ছতার অভিযোগ আনা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ও সংসদীয় কমিটিকে পাত্তা না দেওয়াসহ সমন্বয়হীনতার অভিযোগও ওঠে। এ সময় অব্যবস্থাপনা-অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও আগামী এক মাসের মধ্যে বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দেন মুস্তফা কামাল।কমিটিকে তিনি বলেন, ‘বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব দিতে কমিটির কাছে সময় চাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে এই হিসাব-সংক্রান্ত তথ্য পেতে একটু সময় লাগবে। তবে বড়জোর এক মাসের মধ্যেই এই হিসাব প্রস্তুত করা হবে। পরে তা গণমাধ্যমেও প্রকাশ করা হবে।’ তিনি দাবি করেন, বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাবে কোনো অস্বচ্ছতা হয়নি।এর আগে বিশ্বকাপ নিয়ে নানা অনিয়ম-অস্বচ্ছতাসহ বিসিবির সভাপতির বিভিন্ন কাজের বিষয়ে তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছিল সংসদীয় কমিটি। গত ২১ এপ্রিল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার সাংবাদিকদের বলেন, মুস্তফা কামাল শেষ পর্যন্ত বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব দিতে রাজি হয়েছেন। আর সংসদীয় কমিটিতে না আসার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন।প্রসঙ্গত, বিসিবির সভাপতি মুস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।