বিশ্বকাপের উদ্বোধনীতে খালেদাকে একটি টিকিট দেওয়ায় ক্ষোভ
বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে একটি মাত্র টিকিট দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির সংসদীয় দল। তাঁদের অভিযোগ, খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোর পদ্ধতি ছিল রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।গতকাল শুক্রবার বিকেলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।জয়নাল আবদিন বলেন, বিরোধীদলীয় নেত্রীকে যেভাবে আমন্ত্রণ জানানো উচিত ছিল, আয়োজকেরা তা করেননি। ক্রীড়া মন্ত্রণালয়ের একজন উপসচিব বিরোধীদলীয় নেতার একান্ত সচিবের কাছে উদ্বোধনী অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র দিয়েছেন। তাতে কোনো খেলার টিকিটও ছিল না। তিনি বলেন, খালেদা জিয়ার প্রটোকলের একটা ব্যাপার আছে। তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা আছেন। তিনি তো একা একটি কার্ড নিয়ে হেঁটে নিশ্চয় স্টেডিয়ামে যেতে পারেন না।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা আশা করেছিলাম বিসিবির চেয়ারম্যান অথবা ক্রীড়া প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানাতে আসবেন। আমাদের দলের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির কোনো সদস্যকে একটি কার্ড দিয়ে সম্মান করা হয়নি।’দলীয় সংকীর্ণতার অভিযোগ: ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কিছু ক্ষেত্রে দলীয় সংকীর্ণতা এবং সরকারদলীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে খোন্দকার দেলোয়ার এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘অনুষ্ঠান আয়োজনে সরকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি। দলীয় প্রচার চালানো হয়েছে বেশি। অথচ এমন একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে দেশকে আরও ভালোভাবে তুলে ধরা যেত। কিন্তু দেখানো হয়েছে নৌকা আর বঙ্গবন্ধু।’ বিএনপির মহাসচিব অভিযোগ করেন, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও সরকারের কার্পণ্য ছিল। সেখানে কেবল সরকারদলীয় নেতাদের দেখা গেছে। অন্য দলের নেতারা ছিলেন অনুপস্থিত। তিনি নিজেও আমন্ত্রণ পাননি বলে জানান। অবশ্য তিনি এও বলেন, উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য ছিল। এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশকে সুযোগ করে দেওয়ায় তিনি আইসিসিকে ধন্যবাদ জানান। বিএনপির মহাসচিব বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, এ দেশের ছেলেরা তাদের সবচেয়ে ভালো খেলাটা উপহার দিয়ে দেশবাসীকে তৃপ্ত করবে বলে তিনি আশাবাদী। গতকালের যৌথ সভায় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে আছে কেন্দ্রীয় ও জেলা-থানা পর্যায়ে আলোচনা সভা ও প্রভাতফেরি।