বিশ্বকাপের খেলার সঙ্গে খাবার

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ লেগেছে ঢাকার অনেক রেস্তোরাঁতেও। দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে মেসি, নেইমার, রোনালদোসহ অনেক তারকা ফুটবলারের পোস্টার। ভেতর সাজানো হয়েছে বিভিন্ন দলের তারকা খেলোয়াড়ের জার্সি আর পতাকা দিয়ে। বিশ্বকাপে রেস্তোরাঁগুলো পেয়েছে নতুন রূপ।
দেখা গেল, শুধু অভ্যন্তরীণ সাজসজ্জাই নয়, খাবারের নামকরণও করা হয়েছে খেলোয়াড়দের নামে। আর টেলিভিশনে খেলা দেখার ব্যবস্থা তো আছেই। এসব রেস্তোরাঁয় খাওয়ার পাশাপাশি প্রিয় দলের খেলা দেখতে সমর্থকেরাও আসছেন দল বেঁধে।
গত কয়েক বছরে ঢাকাতেও ক্রীড়ানুরাগীদের কথা ভেবে খেলাকে মূল ভাবনায় এনে গড়ে উঠেছে কিছু বিশেষায়িত রেস্তোরাঁ। এর মধ্যে অন্যতম আফটার আওয়ার’স, গেম অন, এরিনা ও ভেলোসিটি। ২০১৬ সালে ঢাকায় প্রথম বিশেষায়িত রেস্তোরাঁ হিসেবে যাত্রা শুরু করে ভেলোসিটি।
ধানমন্ডির আফটার আওয়ার’স নামের রেস্তোরাঁ সাজানো হয়েছে শুধু আর্জেন্টিনার সমর্থকদের কথা মাথায় রেখে। দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনার পতাকা। আছে খেলোয়াড় আর আর্জেন্টিনার বিভিন্ন সাফল্যের মুহূর্তের ছবি। রেস্তোরাঁর এক অংশের মেঝেতে ছোট ছোট টেবিল দিয়ে তৈরি করা হয়েছে গ্যালারি। খেলা দেখানোর জন্য দেয়ালে লাগানো হয়েছে ৭০ ইঞ্চি টেলিভিশন। খাবারের তালিকায়ও রয়েছে দলের খেলোয়াড়দের উপস্থিতি। যেমন বার্গার ডিয়েগো, দিবালা মিনি স্পাইসি, পিৎজা ডি মারিয়া, ফালুদা দ্য হিগুয়েইন ইত্যাদি।
মোহাম্মদপুরের এরিনা রেস্তোরাঁয় খেলা দেখানো হচ্ছে ১৫০ ইঞ্চি পর্দায়। রেস্তোরাঁর ভোজনরসিকদের জন্য এক্স বক্সে (ভিডিও গেম খেলার যন্ত্র) আছে বিশ্বকাপের ম্যাচ খেলার সুযোগ। এ ছাড়া সমর্থকদের জন্য রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফি জয়ের ইভেন্ট। বিশ্বকাপ শেষে খেলা দেখতে আসা দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজনকে দেওয়া হবে বিশ্বকাপের ট্রফির আদলে তৈরি একটি ট্রফি।
এই রেস্তোরাঁগুলোতে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা দেখানোর ঘোষণা ম্যাচের আগে ফেসবুকে ইভেন্ট খুলে জানিয়ে দেওয়া হয়। সেই ইভেন্টের মাধ্যমেই সমর্থকেরা রেস্তোরাঁয় আসেন। ফেসবুকে এমনই একটি ইভেন্টে গোয়িং দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়মা বুশরা। তিনি বলেন, রেস্তোরাঁয় বসে দেখা খেলায় স্টেডিয়ামের আমেজ পাওয়া যায় না সত্য কিন্তু সমমনা বন্ধুদের সঙ্গে আড্ডার পাশাপাশি খাওয়া আর খেলা দেখার আমেজটা অন্য রকম। যেটা অন্য কোথাও পাওয়া যায় না।
ধানমন্ডির সাতমসজিদ রোডের কেবি স্কয়ারে রয়েছে গেম অন রেস্তোরাঁ। এখানেও সাজসজ্জা ও খাবারে রয়েছে বিশ্বকাপের আমেজ।
বিশ্বকাপের এখন বাকি শুধু সেমিফাইনাল আর ফাইনাল। কিন্তু ক্রীড়াপ্রেমী আর ভোজনরসিকদের খেলা দেখার উপলক্ষের শেষ হচ্ছে না তাতে। আগস্ট থেকেই শুরু হচ্ছে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশেষায়িত এই রেস্তোরাঁগুলোতেও তখন লাগবে নতুন আমেজ।