বিশ্বকাপের জার্সিতে বাংলাদেশের আয় ৫০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ভক্তদের জার্সি তৈরি বাবদ বাংলাদেশ কমপক্ষে ৫০ কোটি ডলার মূল্যের রপ্তানি আদেশ পেয়েছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রানা প্লাজা ধসসহ বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্প্রতি বিপর্যয়ের মুখে পড়ে। কিন্তু বিশ্বকাপ ফুটবল তৈরি পোশাক খাতের রপ্তানিতে গতি এনেছে।
বিকেএমইএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর বাংলাদেশের পোশাক রপ্তানি ১৪ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পাওয়া রপ্তানি আদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বিকেএমইএর নেতা মোহাম্মদ হাতেম এএফপিকে বলেছেন, ‘বিশ্বকাপ ফুটবলের ভক্তদের জন্য জার্সি বানাতে আমাদের প্রায় ১০০টি কারখানা আদেশ পেয়েছে। বিশ্বকাপ-সংক্রান্ত পণ্যদ্রব্য রপ্তানি মূল্যের সঠিক হিসাব আমাদের কাছে নেই। তবে তা পাঁচশো থেকে এক হাজার মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হবে।’