বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান ইউনূসের
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে বদলে দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। গত বৃহস্পতিবার কানাডার কুইবেকের মন্ট্রিয়েল শহরে নেতৃস্থানীয় ব্যবসা ও উদ্ভাবনী সম্মেলন সিটুএমটিএল-এ একজন মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস সম্মেলনে উপস্থিত ৩,৫০০ ব্যবসায়ী শ্রোতাকে পৃথিবীকে বদলে দেওয়ার উদ্দেশে ব্যক্তিগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে, সামাজিক ব্যবসা হিসেবে সমান্তরাল কোম্পানি সৃষ্টি করতে এবং এই লক্ষ্য অর্জনে প্রত্যেককে একটি সুনির্দিষ্ট গন্তব্য স্থির করতে চ্যালেঞ্জ জানান।
কানাডার বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসা ও পর্যটনবিষয়ক মন্ত্রী মিস বারডিশ শ্যাগার শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসকে অংশগ্রহণকারী দর্শক-শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মন্ট্রিয়িলে তাঁর তিন দিনের অবস্থানকালে অধ্যাপক ইউনূস কানাডার নেতৃস্থানীয় ব্যবসা শিক্ষা স্কুল এইচইসি মন্ট্রিয়েল পরিদর্শন করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষক, ছাত্র ও অ্যালামনাইদের উদ্দেশে ভাষণ দেন। বিজ্ঞপ্তি।