বিশ্বকে হাতের মুঠোয় আনার প্রত্যয়
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকে হাতের মুঠোয় আনার প্রত্যয় নিয়ে সকালেই ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় এলাকার পৌর কমিউনিটি সেন্টারে আই-জেন প্রতিযোগিতায় অংশ নিতে ছুটে আসে শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির সাতজন শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয় পাঁচজন। তারা হলো: কাজী ইবনে সীনা, তারিকুল ইসলাম, শাহরিয়ার তানজিম, জিহাদুল ইসলাম ও মাহমুদুল কবীর।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভিশনের জ্যেষ্ঠ নির্বাহী বিবর্ধন রায় এবং আই-জেন প্রতিযোগিতার সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি সৈয়দ রশিদুল হাসান।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।