বিশ্বকে হাতের মুঠোয় আনার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো
নারায়ণগঞ্জে আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো

মুষলধারে বৃষ্টি পড়ছে, তাতে কি? যে করেই হোক, নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়া চাই। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত আই-জেন উৎসবে আসা শিক্ষার্থীরা গতকাল শনিবার যেন এমনই শপথ করেছিল। আর ঠিক সে অনুযায়ী বৃষ্টি মাথায় নিয়ে নির্ধারিত সময় সকাল সাড়ে আটটায় নগরের জামতলায় একটি কমিউনিটি সেন্টারে হাজির হয় প্রতিযোগীরা।
ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকে হাতের মুঠোয় আনার প্রত্যয় নিয়ে জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় জেলার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির দশজন শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয় পাঁচজন। তারা হলো: তাসফিয়া আক্তার সামিরা, সাদিয়া সিদ্দিকা, ফারিহা নুসরাত, মৈত্রী চৌধুরী আঁচল, মেহেজাবিন সারা।
নারায়ণগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আসিফ হোসেন, বন্ধুসভার সভাপতি আহসান সাদিক। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষানুরাগী জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস সালম, আই-জেন প্রতিযোগিতার সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি সৈয়দ রশিদুল হাসান।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।