বিশ্বজনীন বাঙালি সুরস্রষ্টাদের শেষ প্রতিনিধি
চলে গেলেন বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা পণ্ডিত রবিশঙ্কর। তিনি উদিত হয়েছিলেন ভারতবর্ষে। তিনি বাংলাদেশেরও। অর্ধশতকেরও বেশি সময় ধরে আলোকিত করে রেখেছিলেন সারা বিশ্বের সংগীতভুবনকে। শাস্ত্রীয় সংগীতে রবিশঙ্কর বিশ্বজনীন বাঙালি সুরস্রষ্টাদের শেষ প্রতিনিধি। এর আগেই চলে গেছেন তাঁর গুরুভাই ওস্তাদ আলী আকবর খাঁ।রবিশঙ্করের পৈতৃক ভিটা বাংলাদেশের নড়াইলের কালিয়ায়। পেশাগত কারণে তাঁর বাবা শ্যামশঙ্কর থাকতেন উত্তর ভারতের বারানসিতে। ১৯২০ সালের ৭ এপ্রিল সেখানেই রবিশঙ্করের জন্ম। তাঁর আদি নাম ছিল রবীন্দ্র শঙ্কর চৌধুরী। ছিলেন সাত ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম। ১১ বছর বয়সে ১৯৩০ সালে ভাই উদয় শঙ্করের নাচের দলের সঙ্গে যান প্যারিসে। তাঁর শিল্পীজীবনের সূচনা নৃত্যশিল্পী হিসেবে।রবিশঙ্কর তাঁর গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁকে প্রথম শোনেন ১৯৩৪ সালের ডিসেম্বরে, কলকাতায়। ১৯৩৫ সালে উদয় শঙ্করের ইউরোপ সফরের সময় সঙ্গে নিয়ে যান আলাউদ্দিন খাঁকে। ইউরোপ সফরেই ওস্তাদ আলাউদ্দিন খাঁ রবিশঙ্করকে সেতার শেখানোর জন্য মধ্য প্রদেশের মাইহারে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সেই শুরু।রবিশঙ্কর ১৯৩৮ সালে মাইহারে গিয়ে আলাউদ্দিন খাঁর কাছে সেতার ও সুরবাহারের তালিম নিতে শুরু করেন। ১৯৩৯ সালের ডিসেম্বর থেকে রবিশঙ্কর বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে শুরু করেন। বলা বাহুল্য, তাঁর বাজনার শুরু হয়েছিল আলী আকবর খাঁর সরোদের সঙ্গে যুগলবন্দী বাদনের মাধ্যমে।ওস্তাদ আলাউদ্দিন খাঁ তাঁর ছেলে আলী আকবর খাঁ, মেয়ে অন্নপূর্ণা ও রবিশঙ্করকে একসঙ্গে শেখাতেন। ভারতীয় রাগসংগীতে সেতার ও সরোদের যুগলবন্দীর সেটিই সূচনা। মাইহারে পণ্ডিত রবিশঙ্করের সংগীতশিক্ষার সমাপ্তি হয় ১৯৪৪ সালে। তিনি চলে যান মুম্বাইয়ে, যোগ দেন ভারতের পিপলস থিয়েটারে। এরপর ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়েই তিনি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রে প্রথম সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। এরপর একই দায়িত্ব পালন করেন অপরাজিত ও অপুর সংসার চলচ্চিত্রে। পরে দেশ-বিদেশের আরও বহু খ্যাতিমান চলচ্চিত্রকারের ছবিতে তিনি সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন।১৯৫২ সালে পশ্চিমের খ্যাতিমান বেহালা-শিল্পী ইয়াহুদি মেনুহিন দিল্লি এলে রবিশঙ্করের সঙ্গে তাঁর পরিচয় হয়। জাতিসংঘের ১০ বছর পূর্তি উপলক্ষে প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকো সংগীত উৎসবে মেনুহিনের সঙ্গে তাঁর যুগলবন্দী কিংবদন্তি হয়ে আছে। আরও পরে, ১৯৬৭ সালে, রবিশঙ্কর মেনুহিনের সঙ্গে মন্টেরি পপ ফেস্টিভ্যালে যোগ দেন। এই দুই খ্যাতিমান শিল্পীর যুগলবন্দী ‘ওয়েস্ট মিটস ইস্ট’ (পরে অ্যালবাম আকারে প্রকাশিত) বাজিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড পান।সংসার ও সন্তান: পণ্ডিত রবিশঙ্করের প্রথম স্ত্রী গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁর কন্যা অন্নপূর্ণা। তাঁদের বিয়ে হয় ১৯৪১ সালে। রবিশঙ্করের বয়স তখন ২১ বছর, অন্নপূর্ণার ১৪। তাঁদের একমাত্র সন্তান শুভেন্দ্র শঙ্করের জন্ম হয় ১৯৪২ সালে। তিনি মারা যান ১৯৯২ সালে। ১৯৬১ সালে অন্নপূর্ণার সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে নৃত্যশিল্পী কমলা শাস্ত্রীর। ১৯৭০-এর দশকের শুরুতে রবিশঙ্করের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে সু জোনসের। ১৯৭৯ সালে জন্ম নেন তাঁদের ভালোবাসার সন্তান বর্তমানে পশ্চিমের নামী শিল্পী নোরাহ জোনস। রবিশঙ্করের সর্বশেষ স্ত্রী সুকন্যা রাজন। এই সংসারে ১৯৮১ সালে জন্ম নেন এ সময়ের নামী সেতারিয়া আনুশকা শঙ্কর। তবে সুকন্যার সঙ্গে রবিশঙ্করের বিয়ে হয় ১৯৮৯ সালে।কনসার্ট ফর বাংলাদেশ: বিটলস তারকা জর্জ হ্যারিসনের সঙ্গে রবিশঙ্করের পরিচয় ১৯৬৬ সালে, লন্ডনে। রবিশঙ্করের বাদনে মুগ্ধ হয়ে হ্যারিসন তাঁর কাছে সেতারে তালিম নেন। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, পাকিস্তানি বাহিনীর নির্যাতনে এ দেশে মানবতা যখন ভূলুণ্ঠিত, তখন বন্ধুর হাত বাড়িয়ে এগিয়ে আসেন পণ্ডিত রবিশঙ্কর। তাঁর অনুরোধে পাশে এসে দাঁড়ান বন্ধু জর্জ হ্যারিসন। লাখ লাখ নিপীড়িত মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য দুজনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’।১৯৭১ সালের ১ আগস্ট, রোববার। বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত চলে জগদ্বিখ্যাত এই কনসার্ট। রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন ছাড়াও তাতে অংশ নেন বব ডিলান, এরিক ক্লিপটন, রিংগো স্টার, বিলি প্রেস্টন, লেওন রাসেল প্রমুখ খ্যাতিমান পশ্চিমা শিল্পী। কনসার্টে বিশেষ আকর্ষণ ছিল রবিশঙ্কর ও ওস্তাদ আলী আকবর খাঁর যুগলবন্দী। তবলায় ছিলেন ওস্তাদ আল্লারাখা। এ কনসার্ট দেখতে জড়ো হয়েছিল ৪০ হাজার মানুষ। এই কনসার্ট মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে ব্যাপক ভূমিকা রেখেছিল। এই অনুষ্ঠানের জন্যও পণ্ডিত রবিশঙ্করকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।সম্মান ও পুরস্কার: পণ্ডিত রবিশঙ্কর ১৯৫৭ সালে তপন সিংহ পরিচালিত কাবুলিওয়ালা ছবির সংগীত পরিচালক হিসেবে বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার, ১৯৬২ সালে সংগীত নাটক একাডেমি পুরস্কার, ১৯৬৭ সালে পদ্মভূষণ, ১৯৮১ সালে পদ্মবিভূষণ, ১৯৯২ সালে র্যামন ম্যাগসাইসাই পুরস্কার, ১৯৯৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্নসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ বছর তাঁকে বাংলাদেশ সরকারের সম্মাননা ২০১২ দেওয়া হয়।