বিশ্বজিতের পরিবারের পাশে খালেদা জিয়া
ছাত্রলীগের কর্মীদের হাতে নিহত পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎ দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে খালেদা জিয়া বিশ্বজিতের বড় ভাই উত্তম দাসের লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস সড়কের বাসায় যান। তিনি বিশ্বজিতের মা-বাবাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। বিএনপির চেয়ারপারসন তাঁদের খোঁজখবর নেন এবং বিশ্বজিতের মা-বাবার হাতে দুই লাখ টাকা তুলে দেন। খালেদা জিয়া বিশ্বজিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সুযোগ পেলে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও চেয়ারপারসনের প্রেস সচিব মারফ কামাল খান উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলার সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।নির্মল সেনের শয্যাপাশে: খালেদা জিয়া গতকাল গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেনকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। তিনি নির্মল সেনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।