বিশ্বজিতের মশুরা গ্রাম শোকে স্তব্ধ
শোকে স্তব্ধ হয়ে গেছে বিশ্বজিতের জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রাম। সেই সঙ্গে ভয়ানক ক্ষুব্ধ হয়ে আছে এই গ্রামের মানুষ। তাদের অভিযোগ, বিশ্বজিতের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে।এদিকে বিশ্বজিতের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল এবং সন্ধ্যায় স্থানীয় সাংসদ ডেপুটি স্পিকার শওকত আলী তাঁদের বাড়িতে আসেন।গতকাল দুপুরে বিশ্বজিতের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা অ্যালবামের ছবি ও তাঁর ব্যবহার্য জিনিসপত্র আঁকড়ে ধরে বিলাপ করছে। রাধাগোবিন্দ মন্দিরের সামনে জড়ো হয়েছেন তাঁর কয়েকজন বন্ধু। প্রিয় বন্ধুকে হারিয়ে তাঁরাও শোকাহত। বিশ্বজিতের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে তাঁর বাবা-মা পানি ছাড়া কোনো খাবার গ্রহণ করছেন না।বিকেলে বিশ্বজিতের পরিবারকে সমবেদনা জানাতে তাঁদের বাড়িতে আসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদল। কমিটির সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় আসেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী ও তাঁর স্ত্রী মাজেদা শওকত। বিশ্বজিতের বাবা অলন্ত দাসের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়ে তিনি বলেন, হত্যাকারীরা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। অলন্ত দাস বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আপনারা আমার পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করবেন। হত্যাকারীদের যেন বিচার হয়।’গত রোববার বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় ছাত্রলীগের কর্মীরা পথচারী বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। তিনি শাঁখারিবাজারের দর্জির দোকানি ছিলেন।