বিশ্বজিতের হত্যাকারীদের শাস্তি চাইলেন মিজানুর রহমান
পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল সোমবার বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।মিজানুর রহমান বলেন, ‘আমরা এখানে মানবাধিকার দিবস পালন করছি। দুঃখের সঙ্গে, সহমর্মিতার সঙ্গে, সমবেদনার সঙ্গে বিশ্বজিৎকে স্মরণ করছি; যাঁর জীবন রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার ভার আমাদের গ্লানিতে পরিণত করে। যে কারণে ২৪ বছর বয়সের একজন টগবগে যুবকের মৃত্যু হয়, সেই রাজনীতি জনকল্যাণের রাজনীতি কি না, তা আমাদের চিন্তা করে দেখতে হবে।’ কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘যারা যে কারণেই হোক না কেন, যেকোনো অজুহাতে হোক না কেন, আইন যদি নিজের হাতে তুলে নিয়ে অপরের প্রাণ বিনাশ করতে পারে, সেটি শুধু মানবাধিকারের দৃষ্টিতে নয়, আইনের দৃষ্টিকোণ থেকেও সমর্থনযোগ্য নয়। তাদের ধরতে হবে, শনাক্ত করতে হবে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’মিজানুর রহমান আরও বলেন, ‘রাজনীতিবিদদের প্রতি আমরা বিনীতভাবে নিবেদন করছি, আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, স্বাধীনতাকে রক্ষা করেন, তাহলে অনুগ্রহপূর্বক জনকল্যাণকর রাজনীতি করুন। এমন রাজনীতি করুন, যেটি মানুষকে ভোগান্তিতে নিপতিত করবে না, মানুষের কল্যাণ নিশ্চিত করবে, সেই রাজনীতি করুন।’ মানবাধিকার কমিশনের সদস্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘মানবিক অধিকার মানবসভ্যতার অগ্রগতির মৌলিক শর্ত। এই শর্ত বাদ দিয়ে কোনো অগ্রগতি হবে না। মানবাধিকারের বিষয়টি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। বঞ্চিতসহ সবার কথা শুনতে হবে।’আলোচনা সভায় মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘সরকারের একার পক্ষে মানবাধিকার রক্ষা সম্ভব নয়। এ কাজে গণমাধ্যম, বেসরকারি সংস্থা ও স্টেকহোল্ডারদের অংশীদারিও থাকতে হবে।’ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, একাত্তরে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। বিজয়ের মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জয় হয়। বিজয়ের এই মাসে দলমত-নির্বিশেষে সম্মিলিতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হক, মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক, ফাওজিয়া করিম ফিরোজ, নীরু কুমার চাকমা, ইউএনডিপির দেশীয় প্রতিনিধি স্টেফান প্রিজনার, ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং প্রমুখ বক্তব্য দেন।