বিশ্বজিৎ দাসের শ্রাদ্ধ আজ
পুরান ঢাকায় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় নিহত পথচারী বিশ্বজিৎ দাসের শ্রাদ্ধ আজ সোমবার। বিশ্বজিতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামের শ্মশানে এ আয়োজন করা হয়েছে।৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন অবরোধ কর্মসূচি চলার সময় পুরান ঢাকায় পথচারী বিশ্বজিৎকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা।মশুরায় গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, বাবা অলন্ত দাস ও মা কল্পনা দাস ছেলের ছবি বুকে নিয়ে থেমে থেমে বিলাপ করছেন। স্বজনেরা বিশ্বজিতের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য বাড়িঘর, বিশ্বজিতের শ্মশান ও রাধাগোবিন্দ মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, সনাতন ধর্মের বিধান অনুযায়ী চাচা গোবিন্দ দাস বিশ্বজিতের মুখাগ্নি করেছেন। ১৫ দিন ধরে ধর্মীয় রীতিগুলো পালন করেছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করবেন মশুরা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের সেবায়েত প্রাণকৃষ্ণ গোস্বামী। দুপুরে ভোজ ও সন্ধ্যায় কীর্তন হবে।গোবিন্দ দাস বলেন, ‘কেউ মারা গেলে আত্মার শান্তি কামনায় তাঁর সন্তানেরা ধর্মীয় রীতিনীতি পালন করে। আমাদের কী দুর্ভাগ্য, সন্তানের মৃত্যুর পর আমাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে হচ্ছে। ওর (বিশ্বজিৎ) আত্মার শান্তি কামনার সঙ্গে সঙ্গে পাষণ্ড ঘাতকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়—এ প্রার্থনা করছি ঈশ্বরের কাছে।’বিশ্বজিতের মা বলেন, ‘আমি মারা গেলে বিশ্বজিৎ আমার শ্রাদ্ধানুষ্ঠান করত। আমার নিরীহ ছেলেটিকে কেন তারা মেরে ফেলল। কেন আমাকে ছেলের শ্রাদ্ধ দেখতে হচ্ছে। এর জবাব আমি কার কাছে চাইব?’