বিশ্বজিৎ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানো হয়েছে। গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর পর আদালতের বিচারক জহুরুল হক মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
তবে ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন গত ২৭ জুন বিশেষ জজ আদালত-৩-এ যোগ দেন। ফলে ট্রাইব্যুনাল-৪ এখন বিচারকশূন্য। এতে এই মামলার বিচারকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুসারে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান রয়েছে। তবে রাষ্ট্রপক্ষ এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে আবার আগের আদালতে অর্থাৎ মহানগর দায়রা জজ আদালতে ফিরে যাবে।
আদালত সূত্র জানায়, ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজিৎ হত্যা মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে ট্রাইব্যুনালে পাঠানোসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। গতকাল তা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২ জুন এই মামলায় ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই দিন আদালত ১৩ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন। কিন্তু মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি-সংক্রান্ত প্রজ্ঞাপন আদালতে না পৌঁছানোয় ২৭ জুন দ্বিতীয় দফায় তারিখ পেছানো হয়। ১৪ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
গত ৫ মার্চ বিশ্বজিৎ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে রয়েছেন। বাকি ১৩ জন পলাতক। আসামিরা হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আল-আমিন শেখ, মনিরুল হক, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের সামনে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।