বিশ্বজিৎ হত্যা মামলার বিচার শুরু
বিশ্বজিৎ দাস হত্যা মামলার বিচার শুরু হয়েছে। বিশ্বজিৎ হত্যার প্রায় ছয় মাস পর আজ রোববার এ মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ অভিযোগ গঠন করেন। আগামী ১৩ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আট আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার চান।মামলার বাকি ১৩ জন আসামি পলাতক রয়েছেন। তাঁদের অনুপস্থিতিতেই এ মামলা বিচারকাজ চলবে।মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলো ডটকমকে বলেন, মামলাটিতের ১৩ আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়েছে। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে আইনানুয়ায়ী আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলছে।মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়েছে। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি হতে এবং আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু তাঁরা হাজির হননি। তাই তাঁদের অনুপস্থিতিতেই বিচার চলবে।
গ্রেপ্তার থাকা আট আসামি: আসামিদের মধ্যে রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, রাশেদুজ্জামান ওরফে শাওন, এমদাদুল হক, কাইয়ুম মিঞা, এইচ এম কিবরিয়া ও সাইফুল ইসলামকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করে ডিবি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজৈরের গ্রামের বাড়ি থেকে গত ২৬ মে বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামি গোলাম মোস্তফাকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে প্রথম চারজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থিতিতে তাঁরা বিশ্বজিতের ওপর হামলা করেন। তাঁদের দাবি, রাজন তালুকদার প্রথমে বিশ্বজিেক কোপানো শুরু করেন। তা দেখে বাকিরা মারতে শুরু করেন।
পলাতক ১৩ জন: পলাতক ১৪ আসামি রাজন তালুকদার, ইউনুস আলী, কাইয়ুম ওরফে টিপু, পাভেল, তমাল, আলাউদ্দিন, ইমরান হোসেন, তাহসিন, আলাউদ্দিন, লিমন, আল আমিন, ওবায়দুল কাদের ও আজিজের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু পুলিশ পরোয়ানা তামিল করতে ব্যর্থ হয়েছে। ‘আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি’ বলে আদালতে প্রতিবেদন দিয়ে দায় সেরেছে পুলিশ।
গত বছরের ৯ ডিসেম্বর সকালে পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিেক (২৪) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন অবরোধ প্রতিরোধে নামা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া দেন। তাতে আতঙ্কিত হয়ে পথচারী বিশ্বজিত্ দৌড়ে পার্কের পাশের একটি ডেন্টাল ক্লিনিকে (দোতলায়) আশ্রয় নেন। ধাওয়া করে ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়ে বিশ্বজিেক চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপান এবং রড ও লাঠি দিয়ে পেটান। সেখান থেকে মারতে মারতে নিচে নামিয়ে আবার তাঁকে চারদিক ঘিরে বর্বর নির্যাতন চালানো হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের কর্মীরা হামলার এই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন, যা পরে প্রচার করা হয়।
শুরুতে বিশ্বজিত্ হত্যার আসামিদের গ্রেপ্তারে শৈথিল্য দেখায় পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে গণমাধ্যমে প্রচারিত ছবি দেখে শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং ভিডিওচিত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বজিতের ওপর হামলায় জড়িত হিসেবে ২১ জনকে চিহ্নিত করা হয়। তাঁরা সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মী। তাঁদের বিরুদ্ধে গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।